বার্তা সংস্থা আবনা : বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইরাক ও ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ যথাযোগ্য মর্যাদায় (রোববার) শোকাবহ আশুরা পালিত হয়েছে। ৬১ হিজরি এই দিনে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেইন (আ.) মহাপাপী ইয়াজিদের নির্দেশে কারবালা ময়দানে শহীদ হয়েছিলেন। জান্নাতের অন্যতম সর্দার ইমাম হোসেইনের সঙ্গে সেদিন শাহাদাতবরণ করেছিলেন তার দুধের শিশু আলী আসগরসহ ৭২ জন সঙ্গীসাথী।
ইতিহাসের সবচেয়ে নির্মম এ ঘটনা স্মরণ করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ। অনেকে বুক চাপড়ে বিলাপ করছেন কারবালার শহীদানের স্মরণে। অনেক মুসলিম দেশের ধর্মপ্রাণ মুসলমান এ দিনটিতে নফল রোজা রেখেছেন।
দুরাচারী ও পাপিষ্ঠ ইয়াজিদ বিন মুয়াবিয়াকে খলিফা হিসেবে মেনে নিতে অস্বীকার করায় কুফাগামী ইমামের কাফেলাকে কারবালায় ঘেরাও করা হয়। ফলে ইয়াজিদ বাহিনীর প্রায় ৩০ হাজার সেনার মোকাবেলায় ইমাম শিবিরের প্রায় ১০০ জন অসম এক যুদ্ধে লিপ্ত হন। নবী বংশের একমাত্র পুরুষ সদস্য হযরত ইমাম জয়নুল আবেদিন (আ.) ছাড়া অন্য সব পুরুষ সদস্য শহীদ হয়েছিলেন ওই যুদ্ধে। অসুস্থ থাকায় ইমাম হোসেইন (আ.) জয়নুল আবেদিনকে যুদ্ধের ময়দানে নিয়ে যাননি। যুদ্ধ শেষে শত্রুবাহিনী তাঁকে বন্দী করে। অন্তত ৭২ জন পারিবারিক সদস্য ও সঙ্গী কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন ইয়াজিদ বাহিনীর হাতে।# রেডিও তেহরান